চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী বাচ্চু জয়ী, বাকি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
হেড অফ ডিজিটাল মিডিয়া


চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। এর মধ্য দিয়ে নৌকার প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।রোববার (৩০ জুলাই) রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মিলনায়তনে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।এই উপনির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। যা মোট ভোটের ১১ দশমিক ৭০ শতাংশ।ঘোষিত ফলাফলে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশীদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী বেলুন প্রতীকে পেয়েছেন ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট।ফলাফল ঘোষণার সময় এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি কেন্দ্র ও বুথে সিসিটিভি দিয়ে মনিটরিং করা হয়েছে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এই আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।


