

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ৫২,৯২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫৭২ ভোট। ফলে নৌকার প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে এই ফল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।অন্য চারজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভূঁইয়া রকেট প্রতীকে পেয়েছেন ৩৬৯ ভোট, মোহাম্মদ আরমান আলী বেলুন প্রতীকে ৪৮০, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ প্রতীকে ১,২৩০ ও গণমুক্তি জোটের রশিদ মিয়া ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৯ ভোট।ভোটের ফলাফল ঘোষণার পরপরই নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশন বেসরকারীভাবে আমাকে জয়ী ঘোষণা করেছে। আমি অবশ্যই জয়ের অনুভূতি পেয়েছি। আমরা যারা আওয়ামী লীগ নেতা আছি, এটা স্বল্প সময়ের জন্য নাকি দীর্ঘ সময়ের জন্য তা বিবেচনা করি না। যেটুকু সময় পাব, জনগণের কল্যাণে উৎসর্গ করব। এটাই আমরা বিশ্বাস করি।”রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, “নিয়ম অনুযায়ী মোট কাস্ট ভোটের আট ভাগের এক ভাগের বেশি পেতে হতো অন্য প্রার্থীদের। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ছাড়া অন্য পাঁচ প্রার্থী সেই পরিমাণ ভোট পাননি। ফলে জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের।”উল্লেখ্য, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এই আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।


