

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা (আওয়ামী লীগ) পালাব না। বিএনপির নেতা পালিয়েছে। কবে আসবে কেউ জানে না। এলে তো জেলে থাকতে হবে। রাজপথে খেলা হবে। রাজপথেই ফয়সালা হবে। ডিসেম্বরে ফাইনাল খেলা।বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেছেন, তিস্তার পানি পাবেন। যার নেতৃত্বে গঙ্গার পানি পেয়েছেন, তার নেতৃত্বেই তিস্তার পানিও পাবেন। ধৈর্য ধরেন। আওয়ামী লীগ পালিয়ে যাবে না।ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা খাদে পড়ে গেছে। তাদের নেতা তারেক রহমান কখনও নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়াও দুর্নীতি মামলার সাজা ভোগ করার কারণে নির্বাচন করতে পারবে না।আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে উল্লেখ করে তিনি আরও বলেন, বন্ধুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। জনগণের রায় নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ রাজপথেও আছে, নির্বাচনেও আছে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজপথে হেরে গেছে। নির্বাচনেও হেরে যাবে। তারা আর পারবে না। এবার সোহরাওয়ার্দীতে জনসভা করতে গিয়ে পথেই বিএনপির হাঁটু ভেঙে গেছে।সেতুমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন শেখ হাসিনা। আর গত ১৫ বছরে এই জাতি যা অর্জন করেছে, তার সবই শেখ হাসিনা দিয়েছেন। এই অর্জনকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া যাবে না। সারা বিশ্বের জন্য তিনি একমাত্র আমাদের বড় অর্জন।


