

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে জেলা ও মহানগর পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (৪ আগস্ট) এই সমাবেশ করবে দলটি।বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।গতকাল বুধবার জানানো হয়েছিল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।আজ সারাদেশে নতুন করে কর্মসূচি দিলো বিএনপি। তারেক রহমান ও জোবায়দা রহমানের রায়ের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্য—আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া। অস্তিত্ব রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে, ঠিক সেই সময় এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে এই রায় দেওয়া হয়েছে। তবে এভাবে আন্দোলন কখনোই স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। দাবি আদায় না করে জনগণ ঘরে ফিরে যাবে না।বিএনপি মহাসচিব আরও বলেন, বিচারব্যবস্থাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। এই বিচার বিভাগকে ব্যবহার করে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করা হচ্ছে। জাতিকে চিরস্থায়ীভাবে সহিংসতা ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।



