

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের গুজব ও অপপ্রচার বন্ধে ইসিকে সহযোগিতা করতে চায় ফেসবুক।বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফেসবুক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আরও বলেন, ফেসবুকের একটা টিমের সঙ্গে আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ, এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে। তফসিল ঘোষণার পর এই কার্যক্রম শুরু হবে।ফেসবুক কীভাবে কাজ করবে, এ প্রসঙ্গে ইসির অতিরিক্ত সচিব বলেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদের জানাবো, পরে তারা সেটা রিমুভ করে দেবে।ফেসবুক কর্তৃপক্ষই ইসির সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি। বলেছেন, তারাই আমাদের কাছে সময় চেয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজকে মিটিং হলো।



