ভোটের আগে আ. লীগের 'বিশেষ বর্ধিত সভা' কাল, থাকছেন তৃণমূল নেতারাও
হেড অফ ডিজিটাল মিডিয়া


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 'বিশেষ বর্ধিত সভা' অনুষ্ঠিত হবে কাল রোববার (৬ আগস্ট)। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।সভায় ডাক পেয়েছেন দলটির তৃণমূলের নেতারাও। তাই, নির্বাচনের আগে এই বিশেষ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এতে উজ্জীবিত হবেন তৃণমূল নেতারা। একইসঙ্গে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা, জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়ররা এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী, গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতারা বিজয় স্মরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে গণভবনের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন।সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে। ডিএমপির এই নির্দেশনা মেনে চলার জন্য ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।


