

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামীকাল রোববার (৬ আগস্ট) আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।এই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য আরমা দত্ত, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান।প্রতিনিধি দলের সদস্য ও সংসদ সদস্য আরমা দত্ত বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। তার আগে আমরা আলোচনার জন্য যাচ্ছি।জানা গেছে, তিন দিনের এই সফরে প্রতিনিধি দলটি ভারতের সরকার ও বিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।উল্লেখ্য, গত ২০ জুলাই প্রতিনিধি দলটি ভারত সফরে যাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২৯ জুলাই নির্ধারণ করা হয়। এরপরেও ভারত সরকার ও বিজেপির গুরুত্বপূর্ণ নেতাদের সময়সূচি ফাঁকা না পাওয়ায় সফর পুনরায় পেছানো হয়েছে।



