

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।সোমবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির হয়ে এই মামলা দায়ের করেন তিনি। এই মামলা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আর আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।সোমবার সকালে মামলার আবেদন করেন হিরো আলম। দুপুরে মামলার শুনানি হয়। এ সময় হিরো আলম আদালতে জবানবন্দি দেন।জবানবন্দিতে হিরো আলম আদালতকে বলেন, আমি কয়েকবার সংসদ নির্বাচন করেছি। নির্বাচন কমিশন আমাকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। অথচ আমাকে অর্ধপাগল অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করেছেন রুহুল কবির রিজভী। আমি এর বিচার চাই যাতে ভবিষ্যতে আমাকে কেউ এভাবে গালিগালাজ করতে না পারে।নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে আদালতের কাছে নিরাপত্তাও চেয়েছেন হিরো আলম।এর আগে, গতকাল রোববার সকালে মহানগর গোয়েন্দা অফিসে (ডিবি) অভিযোগ নিয়ে যান হিরো আলম। কিন্তু আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয় ডিবি।প্রসঙ্গত, গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন।


