

দিল্লি সফররত আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি জগত প্রকাশ নাড্ডা ও সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন।সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের প্রতিনিধি দল বিজেপি প্রধান নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত উপস্থিত ছিলেন।এই বৈঠকের পর তারা বিজেপির সদর দফতরে দলটির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের সঙ্গে বৈঠক করেন।জানা গেছে, আন্তরিক সৌহার্দ্যপূর্ণ বৈঠকদ্বয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আলোচনা হয়েছে।



