

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুবলীগের স্মারকলিপি গ্রহণ শেষে এ কথা জানান তিনি।যুবলীগ যেসব দাবি নিয়ে এসেছে, তা যৌক্তিক উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, সরকারও এই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কাজ করছে। তারেক রহমান ও জোবাইদা রহমান আদালতে দণ্ডিত হয়েছেন। তাই তাদের দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, সবই করা হবে।এদিকে, এদিন সকালে বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এতে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে।যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে প্রশাসনকে বাধ্য করা হবে।সমাবেশ থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন যুবলীগের নেতারা। এ সময় জিরো পয়েন্টে মিছিলের গতিরোধ করে পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা করে যুবলীগের প্রতিনিধি দল।


