

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ একযুগের বেশি সময় আমরা সংগ্রাম, লড়াই করছি এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, নিপীড়ন-নির্যাতনকারী সরকারের দমনপীড়নের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য একটাই, এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি চাই, দেশ মুক্তি চায়।বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লক্ষ্মীপুর থেকে আসা আহত নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, এই সরকারের অত্যাচার-নিপীড়ন থেকে মুক্তি পেতে ইতোমধ্যে অনেকে প্রাণ দিয়েছেন, সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অনেক মানুষ গুম হয়েছেন এবং সর্বশেষ ১৮ জুলাই আপনারা (লক্ষ্মীপুরের নেতাকর্মীরা) শান্তিপূর্ণ মিছিল করছিলেন, সেই মিছিলে পুলিশ সরাসরি গুলি করে আমাদের ভাই সজীব হোসেনের প্রাণ কড়ে নিয়েছে। এখন একটাই চাওয়া, একটাই পথ, সেটা হচ্ছে এদের সরাতে হবে, এদের পতন ঘটাতে হবে।আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই দেশ নিরাপদ না, কেউই নিরাপদ না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য এ সরকারকে বিদায় করতে হবে। যারা মারা গেছেন তাদের পরিবার বুঝে যে যন্ত্রণা ও কষ্ট কী, এই ত্যাগ কখনও বৃথা যাবে না।



