

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী দুই দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল শেষে এ কথা জানান তিনি। রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই গণমিছিল করে। মিছিলটি শুরুর আগে সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে।বিএনপি মহাসচিব, আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো। আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচারব্যবস্থা। বিচারালয়ের ওপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কবো, কারাগারে ঢোকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরবো।বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে। এবারের লড়াই হচ্ছে জীবন-মরণ লড়াই। কোনো ভয় দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।


