'বিএনপির আশা, ভারত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে'
হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তির ক্ষমতায় আসার সুযোগ নেই। তবে ভারত যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিষয়ে যে কূটনৈতিক বার্তা দিয়েছে, তা অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিএনপি আশা করে, ভারত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে।স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার (১৯ আগস্ট) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, জনমত উপেক্ষা করে ভারত বর্তমান সরকারকে সমর্থন দিলে তা এ অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ভারত এমন একটি গণতান্ত্রিক দেশ, যারা সবসময়ই গণতন্ত্রের কথা বলে। আমরা আশা করবো, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দেবে। এদেশে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।একইদিন বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পদযাত্রা শুরুর আগে তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় বিচারকরা খালেদা জিয়াকে সাজা দিয়েছে। একই রকম মামলায় আওয়ামী লীগ নেতাদের শুধু মুক্তিই নয়, মামলাও প্রত্যাহার করা হয়েছে।মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যদি কোনো কিছু ঘটে তার দায় এই সরকারকে নিতে হবে। খালেদা জিয়া বের হলে সরকারের মসনদ টিকবে না বলেই আওয়ামী লীগ সরকার তাকে বন্দি করে রেখেছে।



