

সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ‘প্রেস নোট (জাপা)’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজী লুৎফুল কবীর নামে এক ব্যক্তি এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেন।তাতে তিনি উল্লেখ করেন, দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।এদিন সকাল থেকে ছড়িয়ে পড়া রওশন এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ এবং সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।দলের নতুন কাউন্সিলও ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী কাউন্সিল পর্যন্ত রওশন এরশাদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এদিকে, জিএম কাদেরের নেতৃত্বে জাপার তিন সদস্যের প্রতিনিধি দল ভারত সফরে রয়েছে। প্রতিনিধি দলটিও আজ দিল্লি থেকে ঢাকা ফেরার কথা রয়েছে।



