

বিএনপির আন্দোলনে সুনামি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, বিএনপির সাথে শুধু নেতাকর্মী আছে, দলটির সাথে জনগণ নেই। তাই তাদের আন্দোলনে সুনামি তৈরি হবে না, সেটাই স্বাভাবিক।মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আইভী রহমানের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রদ্ধা নিবেদেনের পর তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া হয়।দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি বিরাজমান নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের জন্য দুইটা বিষয় লাগে। একটা অবজেক্টিভ আরেকটা সাবজেক্টিক। তাদের (বিএনপি) অবজেক্টিভ কন্ডিশনও নেই, সাবজেক্টিভ প্রিপারেশন নেই।তিনি বলেন, বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ। ক্ষমতায় আসার মূলা ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করেছিল। তাদের এসব সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণআন্দোলন কেমন করে হবে?আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একুশে আগস্টের হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশে '৭৫ থেকে শুরু হওয়া হত্যাকাণ্ড, ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতা চলে আসছে।



