

মহিলা আওয়ামী লীগের সাবেক নেত্রী আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ক্ষমতাসীন দলটি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে প্রথমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় নেতারা।একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।এ সময় আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ চালানো হয়। এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



