রোহিঙ্গা ক্যাম্প মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসীর আস্তানায় পরিণত হচ্ছে: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


রোহিঙ্গা ক্যাম্পগুলো মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের আতুড় ঘর ও আস্তানায় পরিণত হয়ে যাচ্ছে, এ কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।শনিবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 'গণহত্যা ও বিচার: রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান' শীর্ষক আলোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আশাবাদ ব্যক্ত করে হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালেও সব রোহিঙ্গাকে ফেরত পাঠাতে পারেনি।তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান অত্যন্ত জরুরি। আমরা মনে করি, তাদের সমস্ত নাগরিক অধিকার দিয়ে, মর্যাদা বজায় রেখে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র সমাধান। অন্য কোনো সমাধান এই সমস্যার জন্য হতে পারে না। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে যে ধরনের চাপ মিয়ানমারের ওপর প্রয়োগ করা প্রয়োজন, সেই চাপ দেখা যাচ্ছে না। আমি মনে করি, চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গেও আমরা আলাপ-আলোচনা করেছি এবং তারা মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করছে।



