

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা। তবে, তারা সিঙ্গাপুরে গিয়ে ষড়যন্ত্র করছেন কি না এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রোববার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। বললেন, বিএনপির তিন নেতা সিঙ্গাপুর গেছেন। আদৌ কী চিকিৎসা নাকি আরও কোনো ষড়যন্ত্র করার উদ্দেশে তারা একইসঙ্গে সিঙ্গাপুর গেলেন। এটি অনেকেরই প্রশ্ন।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বন্ধে বিদেশিদের কাছে ধর্না দিয়েও লাভ হয়নি, এটাই বিএনপির অন্তর্জ্বালা। তারা নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে। এতে কিছুই আসে-যায় না। নির্বাচন বর্জনের সকল অধিকার তাদের আছে। কিন্তু তারা যদি নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করে, তবে দেশের জনগণ তাদের কঠোর হস্তে প্রতিহত করবে।হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি আসলে হত্যার রাজনীতিটাই করে। জিয়াউর রহমানের উত্থান হত্যার রাজনীতির মাধ্যমেই। জিয়াউর রহমানের বিরুদ্ধে যখনই সেনাবাহিনীতে ক্যুর প্রচেষ্টা হয়েছে, তখনই নির্বিচারে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের হত্যা করা হয়েছে। এভাবে জিয়াউর রহমান ক্ষমতাকে নিষ্কণ্টক করার চেষ্টা করেছিলেন। তবে, করতে পারেননি। তার লোকই তাকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়া নিজের ক্ষমতাকালেও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেননি।


