

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বুধবার (৩০ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে মিছিল করবে বিএনপি। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবে দলটি।মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ইতোমধ্যে দেশে প্রায় ৬০০ এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি।উল্লেখ্য, ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্স ডিসএ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ৩০ আগস্টকে গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়।বিএনপির এ নেতা অভিযোগ করেন, দেশের বিচার বিভাগ প্রধানমন্ত্রীর পছন্দ অনুসারে কাজ করছে। বাংলাদেশের বিচারবিভাগ সম্পূর্ণভাবে পরাধীন। শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে তা স্বাধীন।



