

রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপির পক্ষ থেকে যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে, তা অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের বক্তব্য হীন উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বিএনপি কোনো সমস্যার সমাধান করতে না পারলেও সংকট সৃষ্টি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এখানে বাংলাদেশ কোনো পক্ষ নয়, পক্ষ হলো দুটি─ একটি মিয়ানমার সরকার, অন্যটি রোহিঙ্গা জনগোষ্ঠী। এই দুপক্ষের বিবাদমান সমস্যার বিরূপ প্রভাবের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই সংকট সমাধানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা পুনর্বাসন ও প্রত্যাবাসনে শেখ হাসিনার গৃহীত উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।


