

বিএনপির তথাকথিত আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের প্রতি উপহাস করেছেন; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানান সেতুমন্ত্রী।ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র করছে। তাদের গৃহীত অপকৌশলের কারণে নির্বাচন ও গণতন্ত্রে ক্ষতের সৃষ্টি হয়েছে। সে দায়ভার বিএনপিকেই নিতে হবে। আর এসব কারণে বিএনপি জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন নিয়ে নিজেদের আতঙ্ক কাটাতে বিএনপির নেতারা প্রতিনিয়ত পাগলের প্রলাপ বকছে। আওয়ামী লীগ কখনও নির্বাচন ব্যতীত ক্ষমতায় আসেনি। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।ওবায়দুল কাদের বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের স্বাধীনতা অর্জিত এবং তা অর্থবহ হয়েছে। স্বাধীনতার সুফল প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। বিপরীতে বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি সেই অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত করছে।বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। যারা কখনো নির্বাচন ব্যতীত ক্ষমতায় আসেনি। আমরা চাই সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে।



