

বিএনপির চলমান আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে নিয়ে আনা হয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটিতে বিএনপির দুই মেয়র প্রার্থীর উদ্যোগে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু শুধু ঢাকায় নয়, সারাদেশে সংক্রামণ রোগের মতো ছড়িয়ে গেছে। যেকোনো ব্যাধি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। ঢাকার দুই সিটি করপোরেশনের দায়বদ্ধতা নেই। নিজেদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ তারা। করোনাকালেও ব্যর্থ হয়েছে সরকার। তাদের ব্যাপক দুর্নীতি ও অবহেলার কারণেই জনগণের প্রাণ যাচ্ছে। জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই এ ব্যর্থতা।দুর্নীতিই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন, কিট নিয়ে দুর্নীতির কথা প্রকাশ পেয়েছে। কোনো পরিকল্পনা নেই। অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে। আওয়ামী লীগ শুধু মেগা প্রকল্প দেখাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে সমস্যা ও যানজট সৃষ্টি করছে।


