আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া


তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নোবেল পেলে কেউ কি আইনের ঊর্ধ্বে চলে যায়? তার শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কি তা দিয়েছেন? বিএনপি আসলে আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে।বুধবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, দলটির আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ আনা হয়েছে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী এ কথা বলেন।তিনি আরও বলেন, হোসাইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তাকেও কয়েক বছর জেলখানায় কাটাতে হয়েছে৷ এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তিনিও শাস্তি ভোগ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকেও কিছু দিনের জন্য জেলখানায় যেতে হয়েছে।হাছান মাহমুদ বলেন, ক্ষমতার জন্য রাজনীতি করলে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। এমনকি তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আইয়ুব খান। কিন্তু বঙ্গবন্ধু তা প্রত্যাখ্যান করেন।তথ্যমন্ত্রী বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন। এটিই প্রমাণ করে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ সরকারের সাথে আছে।



