

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃষ্টির মধ্যে দাড়িয়ে আপনারা ভিজছেন, কষ্ট করছেন। সামনে আরও কষ্ট হবে। এর মধ্য দিয়েই এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে সমাবেশে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্য দিতে ডায়াসে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে মহাসচিবের কথা শোনার অপেক্ষায় ছিলেন দলটির নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন ফখরুল।বিএনপি মহাসচিব বলেন, রোদ-বৃষ্টির মধ্যে আপনাদের এই মিছিল প্রমাণ করে এ দেশের মানুষ এখন আর শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে। আজকে এই সরকারের বিরুদ্ধে জনগণ যে আওয়াজ তুলেছে, তা রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই।এর আগে, সরকার পদত্যাগের এক দফা দাবি ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাজধানীতে গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিকেলে রামপুরা থেকে নয়াপল্টন পর্যন্ত মিছিল করে ঢাকা উত্তর বিএনপি। আর কমলাপুর থেকে নয়াপল্টন পর্যন্ত গণমিছিল করে ঢাকা দক্ষিণ বিএনপি।মিছিল পূর্ব সমাবেশে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, রক্ত দিয়ে হলেও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা হবে। তাই নেতাকর্মী কঠোর আন্দোলনের প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেন তিনি।ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, বিএনপির নেতাকর্মীদের জেলে নিয়ে দমানো যাবে না। এবার ঘেরাও কর্মসূচি হবে, সেখান থেকে কেউ পালাতে পারবেন না।


