

বিএনপি আগামী ১৮ সেপ্টেম্বর যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, আমরা তো বলছি না, বিএনপিকে ক্ষমতায় বসান। তবে দেশকে মুক্ত করেন। তারা একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে আপনাকে। চেপে ধরেছে। দমবন্ধ হয়ে যাচ্ছে। সেই দমবন্ধ পরিবেশ থেকে শ্বাস নেওয়ার ও মুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে সবাই মিলে। মির্জা ফখরুল আরও বলেন, ২০১৮ সালের নির্বাচন সংক্রান্ত মামলাগুলোর কোনও আদেশ এখন পর্যন্ত হাইকোর্ট দেয়নি। তাহলে গোটা ব্যবস্থাটা কী? সেটা হচ্ছে একটা দলকে নির্বাচিত করার সুব্যবস্থাগুলো করে দেওয়া। যাতে তারা আবার ক্ষমতায় থাকতে পারে। এই অবস্থায় সামনে আবার নির্বাচন আসছে। দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। বিশেষ করে আওয়ামী লীগের অধীনে তো কোনো দিনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।এ সময় তিনি অভিযোগ করেন, রাজধানীর পুরনো মার্কেটগুলোয় আগুন দেয়া হচ্ছে, কারণ সরকার নতুন মার্কেট তৈরি করতে চায়। আর এসব মার্কেটে নিজস্ব লোকদের দোকান বরাদ্ধ দিতে চায় আওয়ামী লীগ।



