

মেরে, ধরে, গুম, খুন— এগুলো করে সরকার কিছু সময়ের জন্য আয়ু বাড়াতে পারে, তবে এই সরকারকে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘১/১১ ষড়যন্ত্র, আজকের প্রেক্ষাপট: দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশের গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেছেন, সরকারের টাইম শেষ, ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে।বিএনপির এ নেতা বলেন, নির্বাচন হলো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অপর রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা, জনগণের ইচ্ছার প্রতিফলন। এখানে একটি দলের প্রতিদ্বন্দ্বিতা অন্য একটি দল বা একাধিক দলের সঙ্গে। কিন্তু এখন তো দেশ চালাচ্ছে একটি রেজিম। অনেকেই হয়তো বলবে যে আওয়ামী লীগের কথা। কিন্তু দুঃখিত, এখানে আওয়ামী লীগের কিছু নেই। এটা একটা রেজিম, তারা জোর করে দেশ চালাচ্ছে। এই শাসকেরা একদিকে, জনগণ আরেকদিকে। এই রেজিমকে দূর করতে হবে।



