

ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা এবং বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার ঘটনায় দল থেকে বহিষ্কার হচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজী হক।রোববার (১৭ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।জানা গেছে, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে ফিরলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভাষ্য, আদম তমিজী হকের সঙ্গে কার কী, সেটা তাদের জানা নেই। কিন্তু তার ভিডিওটি সবাইকে যথেষ্ট বিব্রত ও বিভ্রান্ত করেছে।প্রসঙ্গত, গতকাল শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন।ভিডিওতে আদম তমিজী হক বলেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশছাড়া করেছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটানোর চেষ্টা করছে। যে কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এ দেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।



