

বর্তমান সরকার সব দিক দিয়ে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা কি বাচ্চাদের ডিম খেতে দিতে পারেন? ভালো খাবার দিতে পারেন? পারেন না। বিদ্যুতের দাম বাড়তেই আছে।বিএনপির তিন সহযোগীর উদ্যোগে করা তারুণ্যের রোডমার্চ করে রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহীতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ চায় এই সরকার বিদায় হোক। বগুড়া থেকে এলাম, বৃদ্ধরা-শিশুরা সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। বলেছে, তারা দুটি জিনিস চায়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। আজ বিশ্ববাসী বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এই সরকারকে মানুষ আর দেখতে চায় না।ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের রোডমার্চ শেষে রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। এর আগে বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী আসার পথে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল।রাজশাহীর এই সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এই সরকার আবারও নির্বাচন নির্বাচন পাতানো খেলা খেলতে চায়। আমরা পাতানো খেলা আর খেলতে দেব না। আপনাদের রাজশাহীর নেতা আবু সাঈদ চাঁদ, শফিকুল হক মিলনকে মামলা দিয়ে কারাগারে রেখেছে। সারা দেশে আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকে জেলে রেখেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী আজ নির্যাতিত-নিষ্পেষিত। এর বিরুদ্ধে জেগে উঠতে হবে।তিনি আরও বলেন, এই জাতির বুকের ওপর পাথরের মতো বসে আছে আওয়ামী লীগ। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে যা অর্জন করেছিলাম, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানান মির্জা ফখরুল।



