

ফেসবুকে লাইভে এসে দলীয় শৃঙ্খলাবিরোধী কথাবার্তা এবং বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলার কারণে আদম তমিজী হককে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।এছাড়া, তাকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে। এর আগে, গতকাল রোববার আদম তমিজী হকের বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসে মহানগর উত্তর আওয়ামী লীগ। বৈঠকে সবার সম্মতিক্রমে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) তাকে বহিষ্কার করা হয়েছে।প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তমিজী হক নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন। সেই ভিডিওতে আদম তমিজী হককে বলতে শোনা যায়, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার এক হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। এ কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।



