

জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে টানা ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজধানী ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলটি।এবারও বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির দিনেই মাঠে থাকবে আওয়ামী লীগ। যদিও এসব কর্মসূচিকে পাল্টাপাল্টি বলতে নারাজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।দলীয় কর্মসূচি নির্ধারণ করতে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের সম্পাদকমন্ডলীর সদস্যরা। এরপরই ঘোষণা আসে নতুন কর্মসূচির। এছাড়া, দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের নেতারা। ভোট বানচালের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন।এই বিষয়ে আজ দিনাজপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, সহিংসতার মাধ্যমে বিএনপি দেশকে অচল করতে চাইছে। বিদেশিদের সহযোগিতা থাকলেও বিএনপির কোনো আন্দোলনই সফল হবে না।প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। গতকাল সোমবার দলটি এই কর্মসূচি করার ঘোষণা দেয়।


