

আর ঘরে বসে থাকার সময় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে নেমে সমস্ত শক্তি দিয়ে সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন ভয়াবহ অন্ধকারে। রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই; রাষ্ট্র এখন যন্ত্রণা, অত্যাচার ও নিপীড়নের কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ। বিচারকরা নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করেছেন।জাতি ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সবাই মিলে এক জোট হয়ে লড়াই না করলে কীভাবে বের হবো তা জানি না। গণমাধ্যমকে এককভাবে রক্ষা করে লাভ হবে না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে।জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এদিন বিকেলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার করছে। শুধু বিএনপি নয়, দেশের সব রাজনৈতিক দল সরকারের পতন ঘটিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে। চলমান আন্দোনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন সুনিশ্চিত।



