

বিএনপি থেকে আরও অনেকেই চলে আসবে, একটু অপেক্ষা করলে তা দেখা যাবে; এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। শুধু শমসের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকার নয়, আরও অনেকেই বিএনপি থেকে চলে আসবে, একটু অপেক্ষা করুন। কারণ যে দল নেতাদের সম্মান দিতে জানে না, আর যেই দল কাউকে নির্বাচন করতে দেয় না, সেই দল সবাই করবে না।ভোটে বিএনপির অংশগ্রহণের বিষয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। বলেছেন, বিএনপির এখনকার বক্তব্য আর একমাস আগের বক্তব্যের পার্থক্য আছে। বিএনপি ২০১৮ সালেও শেষ পর্যন্ত নির্বাচনে এসেছিল। এবার কি করে সেটা দেখার অপেক্ষায় মানুষ। আওয়ামী লীগ সরকার চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চায়।হাছান মাহমুদ আরও বলেন, একটি গণমুখী রাজনৈতিক দল যদি ক্রমাগতভাবে নির্বাচন বর্জন করে তাহলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


