

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেয়া হবে না বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস যে বক্তব্য দিয়েছেন, এর প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব।মির্জা ফখরুল বলেছেন, মেয়র তাপস যে বক্তব্য দিয়েছেন, এটাই হচ্ছে তাদের কথা বলার চরিত্র ও মানসিকতা। তাদের সব কিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আরও বলেন, আমরা এই ধরনের কথার গুরুত্ব দেই না। কারণ অতীতে আমরা এগুলো অনেক ফেস করেছি।গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মেয়র তাপস বলেন, মির্জা ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেয়া হবে না। বিএনপি মহাসচিব লজ্জায় ঠাকুরগাঁওয়ে গিয়ে মুখ লুকিয়েছেন।এদিকে, সংবাদ সম্মেলনে আন্দোলন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। বললেন, বিএনপির আচরণ ও আগামীতে দলটির আন্দোলন কেমন হবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে। এ সময় একদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।আগামী ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ অথবা সমাবেশ এবং ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।



