

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। তার ডাকে কোটি কোটি মানুষ বেরিয়ে আসত, অথচ এই ফ্যাসিস্ট সরকার তাকে গৃহবন্দি করে রেখেছে ।শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আবদুল্লাহপুর পলওয়েল সুপার মার্কেটের পাশে খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে দেশে যদি কেউ নির্যাতিত ও বঞ্চিত থাকেন, তিনি বেগম খালেদা জিয়া। তাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আটকে রেখেছে সরকার, তা কিন্তু আমরা জানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার কানের সমস্যার কারণে আমেরিকায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। আমরা কিন্তু ভুলে যাইনি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এটা জীবন-মরণ বিষয়। কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না।তিনি আরও বলেন, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলে পর্যবেক্ষক টিম পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন। আর নির্বাচন কমিশন বলে বাজেট ঘাটতির কারণে নাকি তারা নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না।বিএনপি মহাসচিব বলেন, দেশে কোনও নির্বাচনের পরিবেশ নেই। শেখ হাসিনা থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ সরকার কাউকে ভোট দিতে দেয় না। সবকিছু জোর করে কেড়ে নেয়।



