

খালেদা জিয়াকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে চাইলে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আরও জানান, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি। সেখানে আবেদন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইবে।আনিসুল হক বলেন, খালেদা জিয়া দণ্ডিত হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার কারণেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন।প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন ২০২০ এর ২৫ মার্চ।এরপর ধারবাহিক বিরতিতে হাসপাতাল আর বাসায় যাওয়া আসা করতে হয় বিএনপি নেত্রীকে। এরমধ্যে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন খালেদা জিয়া। ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি, লিভারসহ নানা রোগ ও জটিলতায় তাকে সবসময়ই চিকিৎসকের নজরদারিতে থাকতে হয়।এছাড়া, ২০২১ এর ২৫ অক্টোবর তার শরীরে অস্ত্রোপচার হয়। দীর্ঘ ৮১ দিন হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফেরেন ২০২২ এর ১ ফেব্রুয়ারি। এরপর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডও বিদেশে চিকিৎসার বিকল্প নেই বলে জানায়। সবশেষ গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া।


