

এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই বাংলাদেশের রাজনীতির ফয়সালা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম।সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মার্কিন ভিসানীতির প্রসঙ্গে তিনি বলেন, ভিসানীতি নিয়ে বর্তমান সরকার পরোয়া করে না। শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ-শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসানীতি নিয়ে কোনো চিন্তা নেই।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে, ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটি তাদের বিষয়, কেউ আসলে তাদের সহায়তা করা হবে। গণতান্ত্রিক কোনো দেশ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটা তাদের বিষয়।সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। এই সরকারের কোনো যৌক্তিকতা বাংলাদেশে নেই। আওয়ামী লীগের নির্দেশে তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়নি। এই ব্যবস্থা বাতিল হয়েছে উচ্চ আদালতের আদেশে। সবদেশেই নির্বাচনের সময় নির্বাচিত সরকার দায়িত্বে থাকে। আর নির্বাচন আয়োজন করে কমিশন।



