

এবার বিএনপির উদ্দেশে আলটিমেটাম ছুঁড়ে দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে অপরাজনীতি ছাড়তে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন।সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ আল্টিমেটাম দেন তিনি। বললেন, ৩৬ দিনের মধ্যে বিএনপিকে আগুন সন্ত্রাস, নাশকতার রাজনীতি ছাড়তে হবে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। না হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাজনীতির কালো হাত গুঁড়িয়ে দেবো।প্রসঙ্গত, এর আগের দিন রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় দলটি। পরদিনই আওয়ামী লীগও পাল্টা আল্টিমেটাম দিলো।বিএনপির কোমর ভেঙে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ মিনিটও আন্দোলন করতে পারেনি। ৩৬ দিনের সময় দিলাম, ঠিক হয়ে যান। সুযোগ একটাই, নির্বাচনে আসেন। নির্বাচনে যদি না আসেন খেলার আগেই হেরে যাবেন।তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর ভর করছে। আর ভিসানীতির ওপর ভর করেছে বিএনপি। কারও নিষেধাজ্ঞা ও খবরদারিতে বাংলাদেশে নির্বাচন চলবে না। ভিসানীতি, নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না আমরা। আমাদের নির্বাচন আমরা করবো। সংবিধান বলে দিয়েছে কীভাবে নির্বাচন হবে।



