

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বিএনপি ছাগলের তিন নম্বর ছানা। যারা বাতাস দিয়ে আপনাদেরকে লাফাতে দিচ্ছে তারা আপনাদের দুধ দেবে না। ছাগলের তিন নম্বর ছানা যেমন দুধ পায় না আপনারাও পাবেন না। সুতরাং এতো লাফালাফি করে লাভ নেই।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী শহরের পাঠানপাড়ায় যুবলীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে গিয়ে বিএনপির রশি ছিড়ে পড়েছে। আগামী মাসে রাজনীতির ফাইনাল খেলায় আমরা আওয়ামী লীগ যাবো না, যুবলীগকে পাঠাবো। প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো। বিএনপিকে বলব, উনাদের সঙ্গে আগে খেলেন। তারপর প্রয়োজনে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে খেলবে।বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়েরা দলে থাকে কি না, না কি দল বদল করে ফেলে, সেটি একটু খেয়াল রাখবেন। ফাইনাল খেলার আগেই যদি আপনাদের খেলোয়াড়েরা দল বদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না।মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় উদ্বিগ্ন জানিয়ে হাছান মাহমুদ বলেন, তিনি (পিটার হাস) বলেছেন, ভিসা নীতির আওতায় গণমাধ্যমও আসবে। আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে এবং অত্যন্ত শক্তিশালী। আর শক্তিশালী, স্বাধীন গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে গণমাধ্যমের ওপর ভিসা নীতি কার্যকর হবে সেটি আমার বোধগম্য নয়। গণমাধ্যমের সঙ্গে সাংবাদিক-কলামিস্ট যারা যুক্ত আছেন তারা মনে করছেন এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ।


