

‘দিল্লি আছে, আমরাও আছি। আমরা আছি, দিল্লিও আছে? কী বোঝাতে চাইছেন? দিল্লি কি আপনাদের জানিয়েছে, এভাবে অপকর্ম করতে থাকো? দিল্লি কি বলে দিয়েছে, দরকার নাই নির্বাচনের? দিল্লি কি বলে দিয়েছে, জোর করেই নির্বাচন করে দাও? তাহলে পরিষ্কার করে বলুন?’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সরকার পতনের এক দফা দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত পেশাজীবী কনভেনশনে এসব কথা বলেছেন তিনি।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ঢাকার আমিন বাজারে শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘কোথায় স্যাংশন? কোথায় ভিসানীতি? তলে তলে আপস হয়ে গেছে। দিল্লিকে আমেরিকার প্রয়োজন। আমরা আছি দিল্লি আছে, দিল্লি আছে আমরাও আছি। শত্রুতা কারও সাথে নেই। সবার সঙ্গে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সবার সাথে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নাই। যথাসময়ে নির্বাচন হবে, খেলা হবে।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বক্তব্যের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব।তিনি আরও বলেন, সরকার অনেক বেশি ভীত, তাই ‘তলে তলে আপস হয়ে গেছে’ বলে মিথ্যা বলছে। এর আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, আলোচনা হয়েছে, আসলে কোনো আলোচনা হয়নি। বলেছে বৈঠক হয়েছে, আসলে কোনো বৈঠকও হয়নি। ছবি তোলার জন্য কত লবিং করেছে সেটা আমরা সবাই জানি।



