

তলে তলে আপস হয়ে গেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, তাতে ভুল বলেননি বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।গত মঙ্গলবার ঢাকার আমিনবাজারে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেছিলেন, তলে তলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে।এরপর তার এ বক্তব্য নিয়ে নিয়ে বেশ আলোচনা হয়। এরই প্রেক্ষিতে তিনি এ কথা জানালেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনে যুক্তরাষ্ট্র, ভারত বা কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হওয়ার অর্থ এই নয় যে, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে। এমন উদ্ভট চিন্তা করি না আমরা।ওবায়দুল কাদের আরও বলেন, আমি কথাটা যা বলেছি, সেটি কি আপনারা অনুধাবন করছেন না? নিরাপত্তা উপদেষ্টার (মার্কিন) সঙ্গে যে বৈঠকটি, এই বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলে তলে অনেক কিছু হচ্ছে, আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।তিনি আরও বলেন, জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন, তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনো তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি। তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক ভালো আছে, সেটা বোঝাতে চেয়েছি।সেতুমন্ত্রী বলেন, দিল্লির সাথে বর্তমান সরকারের সম্পর্ক পরীক্ষিত। কৌশলগত কারণে ভারতকে দরকার। বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা বিএনপির জন্য সুইসাইড করবো নাকি?


