

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতারা মাইক লাগিয়ে মিথ্যা কথা বলে। তারা সরকারের সব কিছু খাটো করে দেখার চেষ্টা করে, কারণ ওই দলের জন্মই অবৈধ উপায়ে। যারা টিকেই আছে মিথ্যা দিয়ে, যাদের শেকড় নেই।শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সরকারপ্রধান বলেন, এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এই দেশ ছিলো গভর্নমেন্ট অফ দ্য আর্মি বাই দ্য আর্মি ফর দ্য জেনারেল। আমরা গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল প্রতিষ্ঠা করেছি। এরপর যখন দেশ নিয়মতান্ত্রিকভাবে চলতে শুরু করেছে, অর্থনৈতিকভাবে এগিয়ে চলেছে তখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে মাতামাতি কেন। তখনই বলত হয়- সন্দেহ হয় রে। আসলে তারা নির্বাচন বানচাল করতে চায়।শেখ হাসিনা বলেন, আমাদের স্বনামধন্য ব্যক্তিদের বলতে শুনছি যে আমরা মেগা প্রজেক্ট করে ফেলেছি ঠিকই কিন্তু দরিদ্রদের জন্য কিছু করিনি। তাদেরকে আমি বলতে চাই, তারা বাংলাদেশ দেখেনি।শেখ হাসিনা বলেন, যারা নির্বাচন বয়কট, ভোট চুরি, অবৈধ ক্ষমতা দখল করেছে তাদের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা শোনা দূর্ভাগ্যজনক। আমাকে নিরেপক্ষ নির্বাচন শেখাতে হবে না।আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বিষয়ে দলটির সভাপতি বলেন, জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা বেশি, আর যারা সংসদ সদস্য তারা জনগণের জন্য কতটা কাজ করেছে— আমরা এগুলো গুরুত্ব দেই। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীর বিষয়ে বিবেচনা করা হবে।



