

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একই কথা বারবার বলে, বলতে তারা (আওয়ামী লীগ নেতারা) খুব আনন্দ পান। পরে আবার সেটাকে বলে, রাজনৈতিক রসবোধ! তলে তলে নাকি আবার সব হয়ে গেছে— বারবার এ কথাটা কেন বলে? এ জন্যই বলে, আসলে কিছুই হয়নি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনশন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।প্রসঙ্গত, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তলে তলে আপস হওয়ার বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, এরা সরকার নয়, এরা শাসক। এরা ভয়ানক দল। এরা ঘোষণা দেয়, বিএনপি আমাদের শত্রু। একটি রাজনৈতিক দল এ কথা বলতে পারে না।তিনি আরও বলেন, এখন আমাদের একটাই লক্ষ্য, দেশ, অর্থনীতি, মানুষ বাঁচাতে হলে এবং একইসঙ্গে দেশনেত্রীসহ আমাদের সব রাজনৈতিক কর্মীদের বাঁচাতে হলে আন্দোলনের মাধ্যমে এদের পরাজিত করা ছাড়া কোনও বিকল্প নাই।



