

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমাদের মেয়েদের ওপর বিএনপি অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস চালিয়েছিল। যুব মহিলা লীগের মেয়ে, আওয়ামী লীগের মেয়েদের ওপর যে অত্যাচার তারা করেছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। গ্রেফতার, থানা নিয়ে আটকানোসহ নানাভাবে তাদের নির্যাতন করা হয়। এর প্রতিবাদ আমাদের মেয়েরা করে গেছে।মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে গণভবনে নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এর আগে, সকালে ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেন সরকারপ্রধান। পরে গণভবন প্রাঙ্গনে আলোচনা সভায় যোগ দেন তিনি। এ সময় দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সরকারপ্রধান বলেন, আমাদের পুরুষরা যখন রাস্তায় নামতে পারেনি, তখন আমাদের যুব ও আওয়ামী লীগের নারী নেত্রীরা সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে। যার ফলে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছি।তিনি আরও বলেন, নারীরা শুধু মাথা কুটে বললে হবে না, আমাদের অধিকার দাও। নিজের অধিকার নিজেকে অর্জন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন। তিনি এ দেশে নারীদের সার্বিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার পর যে সংবিধান দিয়েছিলেন, সেখানে কিন্তু নারীর সমঅধিকারের কথা বলা আছে।আওয়ামী লীগ সভাপতি বলেন, জামায়াতের সাথে জোট বেঁধে খালেদা জিয়া নারীর উন্নয়নের পথে বাধা হয়েছিল। বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন নিশ্চিত করেছে।


