

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে। কারণ, বিএনপি বিশ্ব বেনিয়াদের হাতে দেশটা তুলে দিতে চাচ্ছে, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ অক্টোবর) আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন, ক্ষমতা পাহারা দিতে হবে না, ক্ষমতার পাহারাদার জনগণ। কিন্তু দেশটাকে পাহারা দিতে হবে।আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যাওয়া বিএনপির লক্ষ্য নয়। তারা জানে নির্বাচন হলেও তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তারা যে পানি ঘোলা করার চেষ্টা করছে সেখানে মাছ তারা শিকার করতে পারবে না, শিকার করবে অন্যরা। সেটিও তারা জানে। তাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করা এবং বিশ্ব বেনিয়াদের হাতে দেশ ও দেশের সম্পদ তুলে দেওয়া।তথ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরে কয়েকটা সমাবেশ, মানববন্ধন এবং সারাদেশ থেকে তাদের (বিএনপি) অগ্নিসন্ত্রাসীদের জড়ো করে শেখ হাসিনা সরকারকে হটানো সম্ভব না। ২০১৩-১৪ সালেও অনেক চেষ্টা করেছিলেন। তবে শেখ হাসিনাকে হঠাতে পারেননি।



