

আজীবনের জন্য বহিষ্কার করা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আবারও ক্ষমা করলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই নেতাকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে।শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এই বিষয়টি জানানো হয়।জাহাঙ্গীর আলম বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হলো। উল্লেখ্য, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর চলতি বছরের ১ জানুয়ারি জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার কথা জানায় আওয়ামী লীগ।এ বছরে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দল থেকে মনোনয়ন পাননি জাহাঙ্গীর আলম। এই নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধচারণ করায় তখন জাহাঙ্গীর আলমকে আবারও বহিষ্কার করে আওয়ামী লীগ। দল থেকে বহিষ্কার হয়েও শেষ পর্যন্ত মা জায়েদা খাতুনকে বিজয়ী করেন সিটি নির্বাচনে। বৃহিষ্কৃত হলেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এ নেতা।



