

আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশ কোথায় হবে, এ নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।এদিকে, বিএনপি নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। ইতোমধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে চিঠিও দিয়েছে দলটি। কিন্তু রাজধানীর কোথায় দলটিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, তা এখনও ঠিক হয়নি বলে একটি গণমাধ্যমকে জানান পুলিশের এই কর্মকর্তা।ডিএমপি কমিশনার জানান, বিএনপির সমাবেশের বিষয়ে বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ছোট, মাঝারি নাকি বড় আকারে জনসমাবেশ করবে সেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। আমরা চাই জনদুর্ভোগ এড়াতে।গত ১৮ অক্টোবর এক দফা দাবিতে সমাবেশে দেয়া বক্তব্যে ২৮ অক্টোবরের মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। এই মহাসমাবেশ থেকে সরকার পতনে মহাযাত্রা শুরু হবে বলে তিনি এ সময় উল্লেখ করেন। এর তিন দিনের মাথায় গত শনিবার সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির বরাবরে চিঠি দেয় দলটি।



