

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, ডিএমপিকে দেয়া চিঠিতে সমাবেশের বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।এ সময় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের ভয়-ভীতি, সভা-সমিতি যতই কিছু করুক, এবার আমাদের এবং বাংলাদেশের মানুষকে দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছু আটকাতে পারবে না। এবারের আন্দোলন একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছে। জনগণের বিজয় হবে।বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বললেও আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করে একতরফা নির্বাচন করতে চায়। তারা ক্ষমতায় থাকলে প্রতিটি স্টেপই ঝুঁকিপূর্ণ। সেটা দেখে লাভ নেই, জনগণ জেগে উঠেছে। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করে। তারা আবারও তাই করবে।গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। একইসঙ্গে ক্ষতিপূরণও দাবি করেন।বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।



