

আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে দলটি এই তথ্য জানায়।সমাবেশ সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা চেয়ে সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে চিঠিও দিয়েছে জামায়াত। দলের পক্ষে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ. ফ. ম আবদুস সাত্তার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বরাবর চিঠিটি দেন।চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতাকর্মী ও আলেম-উলামার মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ২৮ অক্টোবর (শনিবার) দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়েছে। কর্মসূচি আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। বিষয়টি আপনার সদয় অবগতির জন্য পেশ করা হলো। সমাবেশ বাস্তবায়নে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।এছাড়া, এই মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একইদিনে এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। তাদের এই মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে বলেও জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ ডেকেছে।তাতে ১৭ বছর পর আবারও দেশের রাজনীতিতে ঘুরে-ফিরে আসছে ২৮ অক্টোবর তারিখটি। ২০০৬ সালের ওই দিনে ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।২৮ অক্টোবর ছিল বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা গভীর আলোড়ন তৈরি করেছিল। সে সময় তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষে আওয়ামী লীগ কার্যত রাজপথ দখলে নেয়।


