সমাবেশের অনুমতি পাচ্ছে আ. লীগ-বিএনপি, জামায়াতের বিষয়ে কঠোর ডিএমপি
হেড অফ ডিজিটাল মিডিয়া


আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় আগামী ২৮ অক্টোবর সমাবেশ করতে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দল তাদের সমাবেশের পরিকল্পনা পুলিশকে জানিয়েছে। ডিএমপি তাদের ওপর আস্থা রেখে পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে।গত ১৮ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা দেন, এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করবে দলটি। তাদের এই মহাসমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে। পরে একই দিন শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।এ অবস্থায় জামায়াতও ঘোষণা দেয় মতিঝিলের শাপলা চত্বরে একই দিন সমাবেশ করবে তারা। এজন্য পুলিশের কাছে সহযোগিতা চেয়ে চিঠিও দিয়েছে দলটি। তবে, ডিএমপির থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হবে না।



