

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম সফর শেষে দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তিনি ও তার সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রী ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিয়েছিলেন। সফরকালে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন তিনি।এরমধ্যে ২৫ অক্টোবর সকালে ইউরোপীয় কমিশনের (ইসি) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ইউরোপীয় বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। পরে ইসি প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউরোপীয় ইউনিয়নের ঋণদাতা সংস্থা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর হয়েছে।


